গান ও কথামালায় অমিতাভ পত্রিকার যুগপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, ধ্রুপদি গান, নাচ ও গৌতম বুদ্ধের জীবন অবলম্বনে রচিত গীতিনৃত্যনাট্য মঞ্চায়নের মধ্য দিয়ে সাহিত্য–সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা অমিতাভ–এর যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। ৮ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তিন পর্বে বিভক্ত এই অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটায়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। শিশির বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। স্বাগত বক্তব্য দেন অমিতাভ সম্পাদক শ্যামল চৌধুরী।
‘অমিতাভ: প্রাপ্তি ও সম্ভাবনার এক যুগ’ শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপম কিশোর বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিকিরণ প্রসাদ বড়ুয়া। বক্তব্য দেন সলিল বিহারী বড়ুয়া, দীপক কুমার বড়ুয়া ও অরূপ বড়ুয়া। তৃতীয় পর্বে ছিল গৌতম বুদ্ধের জীবন অবলম্বনে গীতিনৃত্যনাট্য সিক্ত করো প্রজ্ঞার বারিধারায়। গ্রন্থনা ও ধারাবর্ণনায় ছিলেন সঞ্জীব বড়ুয়া, গান রচনা করেন শ্যামল চৌধুরী, সুর দেন তাপস কুমার বড়ুয়া ও অশ্রু বড়ুয়া এবং নৃত্য পরিচালনা করেন স্বপন কুমার বড়ুয়া। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা ও চিত্রাঙ্গদা অবলম্বনে গীতিনাট্য পরিবেশন করেন প্রমা অবন্তী ও তাঁর দল ‘ওডিশি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট’–এর শিল্পীরা।